ভারতের 'বি' টিমকে অজিদের থেকে শক্তিশালীর আখ্যা দিলেন শোয়েব আখতার - The News Lion

ভারতের 'বি' টিমকে অজিদের থেকে শক্তিশালীর আখ্যা দিলেন শোয়েব আখতার




নিজস্ব প্রতিনিধি ; বিদেশের মাটিতে অ্যাডিলেডে যখন ভারত ৩৬ রানে অলআউট হয়েছিল তখন ভারতকে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। আর চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে শার্দুলের 'সুন্দর' লড়াই তাকে ঢোক গিলতে বাধ্য করল‌। উলটপুরাণ শোনা গেল তার গলায়।


প্রথম টেস্টের পর থেকেই চোট আঘাতে জর্জরিত ভারতীয় শিবির। সেই কারনে একের পর এক পরিবর্তন ভারত করতে বাধ্য হয়েছে। অস্ট্রেলিয়া সফররত ভারতীয় দলের বেশিরভাগ তারকা মাঠের বাইরে ছিটকে গেছেন। একেবারে অনভিজ্ঞদের নিয়ে ব্রিসবেনে লড়াই চালাচ্ছে ভারত। 


আর ভারতীয় তরুনদের এই হার না মানা মনোভাব দেখে প্রাক্তন পাকিস্তান পেসার শোয়েব আখতার তাদেরকে পূর্ন শক্তির অস্ট্রেলিয়ার চেয়েও ভালো বলে মন্তব্য করেছেন। তার মতে, ভারত যদি ব্রিসবেন টেস্ট ড্র করতেও পারে, তবে তা হবে ক্রিকেট  ইতিহাসের সেরা সিরিজ।


জনমানসে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' নামে খ্যাত শোয়েব আখতার বলেছেন, 'ভারতের বেশিরভাগ ক্রিকেটার চোটের কবলে। তবে এটাই ভারতীয় দলের ক্রেডিট যে সব ধাক্কা সামলে বাচ্ছা বাচ্ছা ছেলেদেরকে (নটরাজন, ওয়াশিংটন, সিরাজ, শার্দুলকে ইঙ্গিত) নিয়ে লড়াই চালাচ্ছে। নবাগত ক্রিকেটাররা স্বপ্নেও ভাবেনি যে, এমন পরিস্থিতিতে তারা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে মাঠে নামবে! বিশ্বাস করি এই অর্ধেক শক্তির ভারতীয় দল পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার থেকেও ভালো খেলছে।'





প্রসঙ্গত টেস্ট সিরিজ চলাকালীন চোট পেয়ে ছিটকে গেছেন মহম্মদ শামি, উমেশ যাদব, লোকেশ রাহুল, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ। কোহলি প্রথম টেস্ট  খেলে পিতৃত্ব কালীন ছুটির কারনে দেশে ফিরেছেন। শোয়েব আরও যোগ করেন  'দলের এত ক্রিকেটার চোটগ্রস্ত। দলে এখন বড় নাম মাত্র দুটি- রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানে। ভেবে দেখুন, যদি এই দল নিয়ে ভারত টেস্টটা ড্র করতে পারে, তবে এটাই ক্রিকেটের ইতিহাসে সেরা টেস্ট সিরিজ হবে।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.